পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব ব্যাংক ও পুঁজিবাজারে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী লেনদেন শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় গ্রাহকসেবা, দাপ্তরিক কার্যক্রম ও আন্তঃব্যাংক লেনদেন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে গ্রাহকদের জন্য লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এরপরের সময়টুকু ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য সংরক্ষিত থাকবে।
সাধারণ সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে এবং লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত। রমজান উপলক্ষে সেই সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। স্বাভাবিক সময়ে এই লেনদেন চলে দুপুর আড়াইটা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, রমজানে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই সময় ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া সচল রাখতে হবে, যাতে গ্রাহকসেবায় কোনো বিঘ্ন না ঘটে।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অফিস সময়ও সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজান মাস শেষ হলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার আবার আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে।
সারা দেশে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভবনা
ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু