বরিশাল সদরে জমি নিয়ে বিরোধে জেরে দেলোয়ার হোসেন নামের এক বাজার ইজারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বৌষেরহাট মাঝগ্রাম এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৬০) ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ও স্থানীয় বাজারের ইজারাদার ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাঝগ্রাম এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেলোয়ার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্বজনদের দাবি, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
