স্বামীসহ নায়িকা নিঝুম রুবিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম (নিঝুম রুবিনা), তার স্বামী মামূনুর রশীদ রাহূলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।মামলার অপর আসামিরা হলেন- রাহূলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবি। 

গত ২৯ জানুয়ারি বাদী সুরভী বেগম আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত অভিযুক্তদের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। কিন্তু নির্ধারিত তারিখে তারা আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী সুরভী বেগমের সঙ্গে নিঝুম ও রাহূলের পূর্বপরিচয় ছিল সেই সূত্রে ২০২০ সালের ১ অক্টোবর সাড়ে ১২ লাখ টাকা ধার চান তারা। পরে ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে তিন দফায় ওই অর্থ প্রদান করেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার শর্তে একটি লিখিত চুক্তিও সম্পাদিত হয়। চুক্তিতে উল্লেখ ছিল, রাহূল টাকা পরিশোধে ব্যর্থ হলে তার ভাই নান্নু মিঞা টাকা পরিশোধ করবেন। 

অভিযোগে আরও বলা হয়, বাদী অসুস্থ হয়ে আর্থিক সংকটে পড়লে গত বছরের ১ মে তিনি টাকা ফেরত চান। তবে অভিযুক্তরা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। 

পরবর্তীতে ২২ সেপ্টেম্বর বনশ্রী এলাকার বাসায় গিয়ে টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত