মানবসভ্যতার ইতিহাসে সাম্প্রদায়িক সম্প্রীতি একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ। ভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানই প্রকৃত মানবতার পরিচয়। ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা ন্যায়, দয়া, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমাজ গঠনের নির্দেশ দেয়। কোরআন ও হাদিসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। ইসলাম কেবল মুসলমানদের মধ্যেই ভ্রাতৃত্বের শিক্ষা দেয় না, বরং সব মানুষের প্রতি ন্যায় ও সদাচরণের নির্দেশ প্রদান করে।
মানবজাতির ঐক্যের ঘোষণা
ইসলাম সর্বপ্রথম মানুষকে এক উৎস থেকে সৃষ্ট বলে ঘোষণা করেছে। মহান আল্লাহ বলেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত, যে সর্বাধিক মুত্তাকি।’ (সুরা হুজুরাত, ১৩) এই আয়াত স্পষ্ট করে, জাতিগত বা ধর্মীয় বিভেদ মানুষের মর্যাদার মাপকাঠি নয়, বরং তাকওয়া বা নৈতিকতা প্রকৃত মর্যাদার ভিত্তি।
ধর্মে জবরদস্তি নেই
সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম ভিত্তি হলো ধর্মীয় স্বাধীনতা। ইসলাম এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট ঘোষণা দিয়েছে, ‘ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।’ (সুরা বাকারা ২৫৬) এই আয়াত প্রমাণ করে, ইসলাম অন্য ধর্মাবলম্বীদের ওপর জোরপূর্বক ধর্ম চাপিয়ে দেওয়ার অনুমতি দেয় না। প্রত্যেক মানুষ তার বিশ্বাস অনুযায়ী চলার অধিকার রাখে।
অন্য ধর্মের উপাস্যদের প্রতি সম্মান
কোরআন শিক্ষা দেয়, অন্য ধর্মাবলম্বীদের উপাস্যদের গালি দেওয়া যাবে না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘আল্লাহকে বাদ দিয়ে যাদের তারা ডাকে, তোমরা তাদের গালি দিয়ো না। কেননা তারা তাদের অজ্ঞতাপ্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে।’ (সুরা আনআম, ১০৮) এ আয়াত সামাজিক সম্প্রীতি রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। পারস্পরিক সম্মান বজায় রাখাই শান্তিপূর্ণ সমাজের ভিত্তি।
ন্যায় ও সদাচরণের নির্দেশ
ইসলাম কেবল সহনশীলতার শিক্ষা দেয় না, বরং অমুসলিমদের প্রতিও ন্যায় ও সদাচরণ করতে নির্দেশ দেয়। মহান আল্লাহ বলেন, ‘যারা তোমাদের সঙ্গে ধর্মের কারণে যুদ্ধ করেনি এবং তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।’ (সুরা মুমতাহিনা, ৮) এ আয়াত স্পষ্ট করে, শান্তিপূর্ণ সহাবস্থান ইসলামের অন্যতম নীতি।
নবীজির বাস্তব উদাহরণ
হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। মদিনায় হিজরতের পর তিনি মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে মদিনা সনদ প্রণয়ন করেন। এতে সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। একবার এক ইহুদির জানাজা (মৃতদেহ) নিয়ে যাওয়া হচ্ছিল। রাসুল (সা.) দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। সাহাবিরা বলেন, এটি তো একজন ইহুদির জানাজা। তিনি উত্তরে বলেন, ‘সে কি একজন মানুষ নয়?’ (সহিহ বুখারি/১৩১২) এ ঘটনা মানবিক মর্যাদার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।
সংখ্যালঘুদের অধিকার
ইসলাম সংখ্যালঘু অমুসলিমদের অধিকার রক্ষা করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো জিম্মিকে (অমুসলিম নাগরিক) অত্যাচার করবে, আমি কেয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগকারী হব।’ (আবু দাউদ) এ হাদিস প্রমাণ করে, ইসলামি রাষ্ট্রে সংখ্যালঘুর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা একটি ধর্মীয় দায়িত্ব।
চুক্তি ও আমানত রক্ষা
সাম্প্রদায়িক সম্প্রীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চুক্তি রক্ষা। মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদাররা! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো।’ (সুরা মায়েদা/১) অন্য সম্প্রদায়ের সঙ্গে সম্পাদিত চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা ইসলামের মৌলিক শিক্ষা।
উত্তম আচরণের মাধ্যমে দাওয়াত
ইসলাম অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে নির্দেশ দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মানুষের সঙ্গে উত্তম কথা বলো।’ (সুরা বাকারা/৮৩) এ ছাড়া আল্লাহ বলেন, ‘তোমার রবের পথে আহ্বান করো প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে।’ (সুরা নাহল/১২৫) অতএব সম্প্রীতি রক্ষার সর্বোত্তম উপায় হলো জ্ঞান, প্রজ্ঞা ও উত্তম আচরণ।
ফেতনা ও বিভেদ থেকে সতর্কতা
ইসলাম সমাজে ফেতনা ও বিভেদ সৃষ্টিকে কঠোরভাবে নিন্দা করেছে। মহান আল্লাহ বলেন, ‘ফেতনা (অশান্তি ও বিভেদ) হত্যা থেকেও ভয়াবহ।’ (সুরা বাকারা/১৯১) সাম্প্রদায়িক উসকানি, বিদ্বেষমূলক বক্তব্য ও সহিংসতা সমাজকে ধ্বংস করে। তাই ইসলাম এসব থেকে দূরে থাকার নির্দেশ দেয়।
ইসলামের মৌলিক শিক্ষা
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক নীতিমালা প্রদান করেছে। মানবজাতির ঐক্য, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার, সদাচরণ, সংখ্যালঘুদের অধিকার, চুক্তি রক্ষা এবং উত্তম আচরণ, এ সবই ইসলামের মৌলিক শিক্ষা। মহানবী (সা.)-এর জীবন ছিল এর বাস্তব উদাহরণ। বর্তমান বিশ্বে ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতার প্রেক্ষাপটে ইসলামের এই শিক্ষাগুলো অনুসরণ করা অত্যন্ত জরুরি। যদি আমরা কোরআন ও সুন্নাহর আলোকে সমাজ পরিচালনা করি, তবে ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হব।
লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদ্রাসা, গাজীপুর