পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি আবাসিক ভবনের একটি অংশ ধসে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার করাচির সোলজার বাজার এলাকার গুল রানা কলোনির একটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। সহকারী পুলিশ সুপার জামশেদ আশেরও বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। করাচির সরকারি হাসপাতালের ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. মোহাম্মদ সাবির জানান, নিহতদের মধ্যে ১৩ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।
সিন্ধু প্রদেশের উদ্ধারকারী বাহিনী ‘রেসক্যু ১১২২’ জানায়, তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। রেসক্যু ১১২২-এর চিফ অপারেটিং কর্মকর্তা ডা. আবিদ জালালুদ্দিন গ্যাস বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। খোলা জায়গা কম হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে গেছে।