ভোরে গাইবান্ধা শহর পরিষ্কারে নামলেন এমপি আব্দুল করিম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

সকাল হতেই ঝাঁড়ু হাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কার নামলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকায় এ পরিষ্কার কর্মসূচি শুরু করেন তিনি। পরে বাজার সংলগ্ন পুরাতন ব্রিজ থেকে ডিবি সড়ক হয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তা পরিষ্কারের পর গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল করিম বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডে এই কর্মসূচি পৌঁছে যাবে। শহর পরিষ্কারে অংশ নিতে এখান বাসিন্দাদের আহ্বান জানান তিনি।

হকার্স মার্কেটের হোটেল ব্যবসায়ী শাহজাহান বলেন, এমপি সাহেব নিজ হাতে শহর পরিষ্কার করছেন। এটি নিঃসন্দেহে ভালো কিছু ইঙ্গিত করে।

পরিষ্কার কর্মসূচিতে এমপির সঙ্গে অংশ নেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবীর রানা, শহর আমির একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নুরুন্নবী সরকার, শহর শিবিরের সভাপতি মো. হুমায়ুন ফারহান সাদিকসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও জেলা স্কাউটের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত