শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের নামে মামলা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার কর্মী আহাদ বাদী হয়ে সরাইল থানায় এ মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলার এজাহারে নামীয় আসামি পাঁচজন এবং অজ্ঞাত আসামি ১৪০ থেকে ১৫০ জন রয়েছেন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা। এতে শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হয়নি। পরে কর্মী-সমর্থকদের প্রহরায় এলাকা ত্যাগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকেরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমিন ফারহানা। দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচন করে বিজয়ী হওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত