কদিন আগে এই ফেব্রুয়ারিতেই ৪১তম জন্মবার্ষিকী উদ্যাপন করেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ৪১ পেরিয়েও রোনালদো আছেন আগের মতোই। ম্যাচের পর ম্যাচে গোল করেই চলেছেন। সৌদি প্রো লিগে আল নাসরকে শীর্ষে তোলার পথে রবিবার রাতেও জোড়া গোল করেন রোনালদো।
ম্যাচে আল হাজমের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে নতুন এক মাইলফলকও ছুঁয়েছেন রোনালদো। বয়স ৩০ পেরোনোর পর প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে রোনালদো ছুঁয়েছেন ৫০০ গোলের মাইলফলক। নিজের প্রথম গোলে এই কীর্তি গড়েন রোনালদো, পরে দ্বিতীয় গোলটির মধ্য দিয়ে সেই সংখ্যাকে নিয়ে যান ৫০১-এ।
রোনালদো নিজের প্রথম গোলটি করেন ম্যাচের ১৩ মিনিটে। দারুণ ফিনিশিংয়ে করা গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হলেও পরে ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত। এরপর ৭৯ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এই দুই গোলের পর রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৯৬৪। অর্থাৎ ১০০০ গোলের জাদুকরী মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৩৬ গোল।