কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত। এ সময় উত্তেজিত জনতা বহরের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। গতকাল রবিবার বিকেল ৪টায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. খালিদ বিন ওয়ালিদ (৮) বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে।
চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, বিকেলে কুতুবদিয়া থেকে চকরিয়ার মগনামা ঘাট হয়ে মহেশখালী ফেরার পথে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকা অতিক্রম করছিল। এ সময় বহরের সঙ্গে থাকা ৩ নম্বর গাড়িটি এক শিশুকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা বহরের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। তবে সংসদ সদস্যসহ তার সঙ্গে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
