ঢাকার মোহাম্মদপুর এলাকায় একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে সড়কে ঘুরিয়েছে পুলিশ। এ সময় মোহাম্মদপুর থানার ওসি মাইকিং করে ‘চাঁদাবাজ ধরা হয়েছে’ খবর দিয়ে কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান। গতকাল রবিবার বিকেলে মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ’ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তারের পর এলাকার সড়কে ঘুরিয়ে এবং মাইকিং করে এ আহ্বান জানায় পুলিশ।
পুলিশ বলছে, চাঁদা দাবির কয়েকটি ঘটনার ক্লোজড সার্কিট (সিসি) টিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফারুক আত্মগোপনে যায়। পরে গতকাল বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গতকাল এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে মোহাম্মদপুরের বসিলা এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়েছিল ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাকে (ফারুক) গ্রেপ্তার করা হয়।
চাঁদা না পেয়ে কারখানায় সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৫ : চাঁদা না পেয়ে রাজধানীর আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় সশস্ত্র হামলা চালায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলাকারীরা কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করে। এই হামলায় জড়িত ও নেতৃত্ব দেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেনÑ রাসেল, মারুফ, হাসান ও বাকি দুজনের নাম জানা যায়নি। গত শনিবার রাতের এই ঘটনায় এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিকরা হামলাকারীদের বিচারের দাবিতে থানা ঘেরাও করে।
গতকাল রবিবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানার ওসি মো. জিয়াউর রহমান। তিনি বলেন, ‘এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করে আজই (রবিবার) আদালতে পাঠানো হয়েছে। আমরা জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।’
এদিকে গতকাল সচিবালয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকা- হয়েছে একটা অফিসে ঢুকে। এ রকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সে রকম কিছু হয়, আমরা এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।
