কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি ইস্যুতে চাপে ববি উপাচার্য

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম নতুন সরকার গঠনের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি ইস্যুতে চাপে পড়েছেন। পদোন্নতির দাবিতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা একত্র হয়ে উপাচার্যকে আগামী বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।

জানা গেছে, পদোন্নতির দাবিতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা একাট্টা হয়েছে। গতকাল প্রায় ৫০ শিক্ষকের একটি দল উপাচার্যের দপ্তরে গিয়ে তাদের দাবি তুলে ধরেন এবং কড়া বার্তা দেন। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় একই ইস্যুতে তোপের মুখে পড়েন উপাচার্য। তবে উপাচার্য জানিয়েছেন, নিয়মের বাইরে গিয়ে পদোন্নতি দেওয়া সম্ভব নয়।

এদিকে একই দিনে পদোন্নতি ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

গত বছরের ১৮ অক্টোবর দেশ রূপান্তরে ‘ফ্যাসিস্ট শিক্ষকদের পদোন্নতিতে তোড়জোড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওই প্রতিবেদন উদ্ধৃত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। একই সঙ্গে সব নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেয় সংস্থাটি।

তবে ইউজিসির নির্দেশনার আগেই বিভিন্ন বিভাগের ২৪ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতির জন্য বোর্ড সম্পন্ন করেন উপাচার্য। বর্তমানে ইউজিসির নিষেধাজ্ঞা ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় এসব পদোন্নতি কার্যক্রম আটকে রয়েছে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু শিক্ষকের পদোন্নতি নিয়ে আগেই আপত্তি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাঈয়ুম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আজকে (রবিবার) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। শিক্ষকরা তাদের পদোন্নতি কেন হচ্ছে না, তা জানতে চেয়েছেন। আগামী বুধবার পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে।’

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘দীর্ঘদিন প্রায় ৫০ শিক্ষকের পদোন্নতির জন্য অপেক্ষা করছে। কিন্তু তারা কোনো সুরাহা পাচ্ছেন না। তাই বিষয়টি নিয়ে সবাই ক্লান্ত। আমরা ভিসি স্যারকে বুধবার পর্যন্ত সময় দিয়েছি। যদি তিনি এ সময়ের মধ্যে সমাধান দিতে না পারেন, তাহলে আমরা সভা করে পরবর্তী পদক্ষেপ নেব।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম দেশ রূপান্তরকে বলেন, ‘একটি গ্রুপ আমাকে প্রচ- চাপ দিচ্ছে। তাদের এখনই প্রমোশন দিতে হবে। ইউজিসি যে চিঠি দিয়েছে, তা তারা মানতে চাচ্ছেন না। তারা বলছেন, আপনি ভিসি আপনাকেই পদোন্নতি দিতে হবে। যেকোনো উপায়ে তারা পদোন্নতি চাচ্ছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত