কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ২০১৭ সালের একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এস এম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন পান্না বলেন, মামলার ৩ নম্বর আসামি হলেন তালুকদার মো. ইউনুস। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত আসামির জামিন দিয়েছেন। বিষয়টি আমরা পর্যালোচনা করে যদি মনে করি আইনের ব্যত্যয় হয়েছে, তাহলে উচ্চ আদালতে যাব।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার বলেন, জামিনযোগ্য ধারা হওয়ায় বিজ্ঞ আদালত আসামির জামিন মঞ্জুর করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়। মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইউনুস।
