আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে অংশ নিয়ে বাজার মনিটরিং করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া শহরের পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান। অভিযানকালে তারা কলার আড়ত, মুরগির দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন। এক মুরগির দোকানে দেশি মুরগি প্রতি কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করে।
এ সময় মুফতি আমির হামজা ব্যবসায়ীদের রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা ও অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানান। রমজান মাস উপলক্ষ্যে ভোক্তারা যেন স্বাভাবিক দামে নিত্যপণ্য ক্রয় করতে পারেন, সেজন্য প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
