বাজার পরিদর্শনে গিয়ে যা বললেন জাহান্দার আলী এমপি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

‎রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাজার পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী। ‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাদারীপুরের ইটেরপুল খুচরা বাজার ও বিসিক শিল্প নগরী এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজার ঘুরে দেখেন। এসময় তিনি বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের মূল্যতালিকা, মজুদ পরিস্থিতি এবং বিক্রয় পদ্ধতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানান।

‎পরিদর্শনকালে এমপি জাহান্দার আলী বলেন, রমজান উপলক্ষে সরকারের নির্দেশনায় গতকাল থেকে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্য নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

‎এদিকে নিত্য পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। ‎এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সুচন্দন মন্ডল, মাদারীপুর খাদ্য অফিসার রফিকুল ইসলাম, মাদারীপুর কৃষি বিবরণ কর্মকর্তা রুবেল মিয়া, ও ইন্সপেক্টর  জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ‎বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত