মাদক কারবারিকে কোনো ছাড় নয় : দিপু ভূঁইয়া

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদক কারবারি যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মুলে পুলিশকে সর্বাত্বক সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলার সকল কর্মকর্তাদের মত বিনিময়সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরো বলেন, আপনাদের ভালবাসা ও সহযোগিতায় জনগণের  ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবার করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। এজন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

তিনি বলেন, উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যা করার দরকার সে ব্যবস্থা করবো। বিগত ১৭ বছর সরকারি প্রায় সব খাল দখল হয়ে গেছে। সেই খালগুলো অতিদ্রুত পুনরুদ্ধার করা হবে। সেই বিষয়টি দেখবো। আমি চাই আপনাদের সাথে নিয়ে রূপগঞ্জে উন্নয়নমূলক কাজগুলো করি। এজন্য সবাই আমাকে সহায়তা করবেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 



×
সর্বশেষ সর্বাধিক পঠিত