গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ এএম

জবাবদিহির মধ্যে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বনানীর নিজ বাসভবনে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্সের (অ্যাটকো) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। তবে জবাবদিহি না থাকলে অনেক সময় সমাজে নৈরাজ্য তৈরি হতে পারে। এখন থেকে সত্য প্রকাশে সরকারের কোনো বাধা থাকবে না বলে জানান তিনি। এর আগে অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বৈঠকে টেলিভিশনের স্বার্থসংশ্লিষ্ট ১০টি বিষয় নিয়ে আলোচনা করেন টেলিভিশনের মালিক প্রতিনিধিরা।

এতে অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, টেলিভিশনের যে সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, তা দ্রুত সমাধান করলে উভয়পক্ষই লাভবান হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাটকো মহাসচিব আব্দুস সালাম, পরিচালক ও রূপায়ণ গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল, মোস্তফা কামাল, ইকবাল সোবহান চৌধুরী, জহিরুদ্দিন মাহমুদ মামুন, টিপু আলম মিলন, আব্দুল হক, স্টার নিউজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত