রাজধানীতে এসি বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৩ জনের একজনের মৃত্যু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেশার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জনের মধ্যে সেলিম ব্যাপারী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সেলিমের শ্বাসনালীসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

তিনি আরও জানান, সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) শরীরের ২২ শতাংশ ও মা সেলিনা বেগম (৪৬) ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে।

এরআগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার ৫তলা একটি বাড়ির ৩য় তলায় মজুত করে রাখা এসির কম্প্রেশার থেকে বিস্ফোরণ ঘটে।

সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, নারিন্দার ৩য় তলার ওই বাসায় পরিবারটি ভাড়া থাকে। ধোলাইপাড়ে মুক্তার ব্যাপারীর এসি, ফ্রিজের কম্প্রেশারের দোকান রয়েছে। তবে দোকানের মালামাল বাসাতেও রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে ফোনের মাধ্যমে ওই বাসায় দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বলতে পারেননি তিনি।

তিনি আরও জানান, সেলিম অবিবাহিত। পরিবারের ৩ সদস্যই থাকতেন বাসাটিতে। বিস্ফোরণে বাসাটির সব তছনছ হয়ে গেছে। সেলিমের সমস্ত শরীর পুড়ে গেছে। তার বাবা মায়ের অবস্থাও গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত