ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদয় মিয়া (৩০) নামে ১৯ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। উদয় মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়। এর আগে ভোরে রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফরম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সাত দিনের রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, এস. আই সুদর্শন কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া ওয়াশফিট সংলগ্ন ১নং লাইনের উপরে অভিযান পরিচালনা করে চিহিৃত ছিনতাইকারী উদয় মিয়াকে গ্রেপ্তার করে। তার প্রথম পিতার নাম শেখর মিয়া, দ্বিতীয় পিতার নাম কালু মিয়া।
তিনি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি ভোরে আখাউড়া রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মের উপর কুমিল্লার বাঙ্গুরা বাজারের জসিম উদ্দিনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার এর আগে সোহান নামে একজন গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনার জন্ম দেয়।
