ফরিদপুরের নগরকান্দায় ব্যক্তি মালিকানা জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ফিরোজ মাতুব্বর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
নগরকান্দার পৌরসভার নতুন ব্রিজ সংলগ্ন ছাগলদি এলাকায় রাতারাতি দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দোকান ঘর নির্মাণে স্থানীয় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ নিয়ে ভুক্তভোগী ইয়াকুব আলী থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নগরকান্দা পৌরসভার মিনার গ্রামের হতদরিদ্র ইয়াকুব আলী সরকারের কাছ থেকে কুমার নদীর পাশে ৫২ শতাংশ জায়গা ৯৯ বছরের জন্য বস্তোবস্ত নেন। যা সরকারের তরফ থেকে তাকে দলিল মূল্যে লিখে দেওয়া হয়। পরবর্তীতে কুমার নদীতে ব্রিজ নির্মাণের জন্য সরকার ৪ শতাংশ জমি অধিগ্রহণ করে। বাকি জমিতে ঘর তুলে বসবাস করছিলেন তিনি।
সম্প্রতি, নতুন ব্রিজ সম্পন্ন হবার পর রাস্তার পাশের জমিসহ ইয়াকুব আলীর জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালী ফিরোজ মাতুব্বর। গত ২৭ ফেব্রয়ারি ফিরোজ মাতুব্বর তার দলবল নিয়ে জোরপূবর্ক দোকান ঘর নির্মাণ করেন। এ নিয়ে ইয়াকুব বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ইয়াকুব আলী বলেন, আমার জায়গায় জোরপূর্বক রাতারাতি দোকান ঘর নির্মাণ করেছে ফিরোজ মাতুব্বর, ফারুক মাতুব্বর, বতু শেখসহ তার সহযোগীরা। আমি এ নিয়ে কোনও কথা বললে তারা আমার পুরো জায়গাটি দখল করে নেবে বলে শাসায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিষয়টি নিয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর পরই প্রভাবশালী কয়েক ব্যক্তি সরকারি ও ব্যক্তিগত জায়গায় দোকান ঘর নির্মাণের কাজ করে যাচ্ছে। দলের নাম ব্যবহার করে যারা এসব করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
অভিযোগের বিষয়ে ফিরোজ মাতুব্বর বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি ইয়াকুব আলীর কাছ থেকে জমি কিনে সেখানে দোকান ঘর উত্তোলন করছি। আমি কারো জায়গা দখল করিনি।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি বলেন, এ নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে দুই পক্ষকেই তাদের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের সব সেক্টর ডিজিটালাইজ করা হচ্ছে : ভূমি প্রতিমন্ত্রী
'সরকার পরামর্শ না শুনলে, বিরোধী দলের ভূমিকাই পালন করব'