গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে নিজ কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে পৌর এলাকার পান্থাপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই অধ্যক্ষর নাম রঞ্জু (৫০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার পণ্ডিতপুর কলেজের অধ্যক্ষ এবং একই উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগি ওই কলেজ ছাত্রী জানান, উপবৃত্তির ফরম স্বাক্ষরের কথা বলে তাকে মোবাইল ফোনের মাধ্যমে পৌর এলাকার পান্থাপাড়ার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন অধ্যক্ষ রঞ্জু। গত ১৮ ডিসেম্বর বেলা ১১ টায় ধর্ষণের এ ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়। এরপর থেকে তিনি ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্লাকমেইলের চেষ্টা করেন।
এ ঘটনায় ভুক্তভোগি কলেজছাত্রী বাদি হয়ে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে অধ্যক্ষ রঞ্জুকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকারি কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, মামলার প্রেক্ষিতে অধ্যক্ষ রঞ্জুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই কলেজছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার রঞ্জুকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক এস এম গালিব হাসান আবেদনের শুনানী শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
