মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আবুধাবিতে অবস্থান করছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো। তিনি ইংল্যান্ড লায়ন্স দলের কোচ হিসেবে সেখানে গেছেন। এর মাঝেই দুবাইসহ বেশ কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। এমন ভয়াবহ পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে দেশে ফেরার সহায়তা চেয়েছেন বেয়ারস্টো।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বাসিন্দারা মোবাইলে সতর্কবার্তা পেয়েছেন। তাদের বলা হয়েছে, নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নিতে এবং জানালা থেকে দূরে থাকতে। একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আল ধাফরা ও আল বাতিন এলাকাতেও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আবুধাবির কর্নিশ এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, পরপর কয়েকটি বিস্ফোরণে তাঁর বাসার জানালা কেঁপে ওঠে। এই পরিস্থিতিতে রবিবার পাকিস্তান শাহিনস ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি অবনতি হওয়ায় বেয়ারস্টো সামাজিক মাধ্যমে স্টারমারের এক পোস্টের জবাবে লিখেন, ‘আপনি কি আমাদের বাড়ি ফিরিয়ে নিতে পারবেন?’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের দল ও স্টাফদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সরকারি নির্দেশনা অনুসরণ করছি।”
আবুধাবির আল ধাফরা বিমানঘাঁটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ব্যবহার করছে। একই সময়ে দুবাইয়ের জেবেল আলি বন্দর মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে। এজন্যই মুসলিম দেশগুলোতে ইরান হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।
পেনাল্টি মিসের পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন রোনালদো
মহসিন নাকভিকে আবারও তীব্র আক্রমণ শোয়েব আখতারের