উদীয়মান তরুণ গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি। এরই ধারাবাহিকতায় সংগঠনটি নতুন "বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা'' শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।
রবিবার (১ মার্চ) রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক হাবিবুর রহমান পলাশ, সচিবালয় সাংবাদিক অ্যাসোসিয়শনের সভাপতি রিয়াজ উদ্দিন ও ঢাকা সাব এডিটর কাউন্সিলের ক্রিড়া বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম।
ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির দফতর সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজনে একে একে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি আহসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক, আবু রায়হান অর্নবসহ অতিথিরা। এসময় কর্মক্ষেত্রে প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, সরকারকে উপদেশ ও পরামর্শ দেয়া সাংবাদিকদের জন্য সহজ কাজ। নিজ নিজ জায়গা থেকে ন্যায় পরায়ন থেকে সত্যকে তুলে ধরতে হবে। যেনো হলুদ সাংবাদিকতা মাথা চাড়া না দেয় সেদিকেও তরুণ সাংবাদিককে খেয়াল রাখতে হবে।
ড. মো. আসাদুজ্জামান আরও বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অনবদ্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আছে দক্ষতা, আছে শক্তি।
সভায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও বাধার বিষয়ে নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। সভা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি জাকারিয়া হারুন।
