নীলফামারীতে ৭ ভিসা প্রতারক গ্রেপ্তার

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ১১টি মোবাইলসহ তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ রবিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরীগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আদর আলী (২৪), মো. মনিরুজ্জামান সজীব (২৫),  জলঢাকা উপজেলার বাসিন্দা শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯), মো. সিরাজ উদ্দিন (২৩), নীলফামারী সদর উপজেলার বাসিন্দা মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) এবং মো. আহসান হাবিব হাসান (২৪)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিন উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে অনলাইন ভিসা প্রতারণার সঙ্গে জড়িত নানা আলামত জব্দ করা হয়। তাদের ফোনগুলোতে অনলাইন জুয়ার অ্যাপস ও অনলাইন বেটিং এ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় পাওয়া যায়।

ডিবি ওসি মতলুবর রহমান বলেন, তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। তাদের নামে মামলা রুজু করে রবিবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত