নরসিংদীতে ধর্ষণের পর কিশোরীকে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৭ আসামি রিমান্ডে

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ নুরাসহ গ্রেপ্তার সাতজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে শুনানি শেষে নরসিংদীর দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার সাবেক মেম্বারসহ গ্রেপ্তার পাঁচজন এবং শনিবার গ্রেপ্তার নুরা ও হযরত আলীকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ওমর কাইউম। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে সাত আসামিকে জেল থেকে আদালতে তোলা হয়। এ সময় আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শুরু হলে দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ওমর কাইউমকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামিপক্ষের কোনো আইনজীবী দাঁড়াননি।

গত ১০ ফেব্রুয়ারি নুরার নেতৃত্বে আসামি এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০) ও গাফফার (৩৭) ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এরপর গত বুধবার রাতে বখাটেরা ওই কিশোরীকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে ফের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষাক্ষেতে ফেলে রাখে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখে পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত