ইরানের নিরাপত্তা প্রধান

‌‘আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করব না’

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন গণমাধ্যমে প্রচারিত এই সংক্রান্ত একটি সংবাদকে নাকচ করে দিয়ে তিনি সাফ জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আলোচনায় বসছে না ইরান।

আজ সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লারিজানি তার এই কড়া অবস্থানের কথা জানান। তিনি বলেন, আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করব না।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে দাবি করেছিল যে, ইরান পুনরায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ওমানের মধ্যস্থতাকারীদের ব্যবহার করে আলি লারিজানি নিজেই এই আলোচনার জন্য চাপ দিচ্ছেন। বিশেষ করে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই দাবিটি বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দেয়।

ওয়াল স্ট্রিট জার্নালের সেই খবর প্রকাশের পরপরই তেহরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। লারিজানির আজকের এই বিবৃতি সেই জল্পনার অবসান ঘটালো। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, ইরান তাদের জাতীয় নিরাপত্তা ও পরমাণু কর্মসূচির বিষয়ে আগের অবস্থানেই অনড় রয়েছে।

মূলত ওমান দীর্ঘ সময় ধরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসলেও, বর্তমান পরিস্থিতিতে কোনো আনুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন এই ইরানি নীতি-নির্ধারক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত