রমজানকে মহিমান্বিত করেছে কোরআন

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:১১ এএম

কোরআন মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক। এর অমিয় সুধায় কলুষিত হৃদয় ভরে ওঠে নুরানি আভায়। পবিত্র এই গ্রন্থের অবতারণা শুরু হয়েছে রমজান মাসে, লাইলাতুল কদরে। তাই রমজান মাস মহিমান্বিত হয়েছে। আর লাইলাতুল কদর লাভ করেছে হাজার মাসের শ্রেষ্ঠত্বের মুকুট। হেরা গুহার সেই নিভৃত নির্জনতায় যে নুরের বিচ্ছুরণ ঘটেছিল, তা আজও বিশ্ব জুড়ে সত্যপিয়াসী মানুষের হৃদয়ে আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়ে চলেছে।

এই ঐশী কিতাব শুধু জীবনের গতিপথ নির্ধারণ করে না, বরং পরকালের অন্তহীন সফরের সবচেয়ে বিশ্বস্ত পাথেয় হিসেবে মুমিনের সঙ্গী হয়। হৃদয়ের বন্ধ দুয়ার খুলে দিতে এবং রুহের পিপাসা মেটাতে কোরআনের কোনো বিকল্প নেই। এটি এমন এক পরশ পাথর, যা মানুষকে অনন্য উচ্চতায় আসীন করে। এই পবিত্র গ্রন্থের মাহাত্ম্য এবং এর পঠন-পাঠনের গভীর ফজিলত সম্পর্কে জানা প্রতিটি মুসলমানের জন্য ইমানি দাবি। ঐশী নুরে অবগাহন করে নিজেদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত সফলতা।

ইরশাদ হয়েছে, ‘রমজান মাসই হলো সেই মাস, যে মাসে নাজিল করা হয়েছে মানুষের পথের দিশারি, সৎপথের স্পষ্ট নিদর্শন, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী কোরআন। অতএব তোমাদের মধ্যে যারা এই মাস প্রত্যক্ষ করবে তারা এতে রোজা পালন করবে।’  (সুরা বাকারা ১৮৫)

এমনিভাবে সুরা কদরের প্রথম আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে।’ রোজা পালনের এই বিধান নাজিল হওয়ার প্রায় ১৪ বছর আগে ৬১০ খ্রিস্টাব্দের ২৭ রমজান রাতে মক্কা মোকাররমার কাবা শরিফ থেকে তিন মাইল উত্তর-পূর্ব কোণে অবস্থিত গারে হেরায় অবস্থানরত নবী মুহাম্মদ (সা.)-এর কাছে কোরআন নাজিলের সূচনা হয়। সর্বপ্রথম যে পাঁচটি আয়াত নাজিল হয়, তাতে রয়েছে পাঠ করার তাগিদ, সৃষ্টি জগতে স্রষ্টার পরিচয়, মানব সৃষ্টি, লেখাপড়া, বিদ্যা অর্জন প্রভৃতি বিষয়।

কোরআন শব্দটি দুটি শব্দ ‘কারনুন’ ও ‘কারউন’ থেকে এসেছে। ‘কারনুন’ অর্থ মেলানো। আর ‘কারউন’ অর্থ পঠিত কিতাব। এ কথা নিঃসন্দেহে বলা যায়, কোরআন মাজিদ সব কিতাবের মধ্যে সর্বাধিক পঠিত কিতাব। তাছাড়া এর মধ্যে সুরা, আয়াত এবং অক্ষরগুলো মেলানো হয়েছে। পরিভাষায়, কোরআন আল্লাহর নাজিলকৃত ওই কিতাবকে বলা হয়, যা তিনি তার শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপরে দীর্ঘ ২৩ বছরব্যাপী বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে, প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে অবতীর্ণ করেছেন। ভাষা ও ভাব উভয় দিক থেকেই কোরআন আল্লাহর কিতাব। অর্থাৎ কোরআনের ভাব (অর্থ) যেমন আল্লাহর তরফ থেকে আগত তেমনি তার ভাষাও।

মাহে রমজানের আমলগুলোর অন্যতম একটি আমল হলো, কোরআন মাজিদ তেলাওয়াত করা। ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমার দেওয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে, এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দান করবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়াবান।’ (সুরা ফাতির ২৯-৩০)

উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.)-এর সূত্রে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআনে দক্ষ ও জ্ঞানী ব্যক্তি সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সঙ্গে থাকবে। যে ব্যক্তি কোরআন আটকে আটকে তেলাওয়াত করে এবং তা তার জন্য কষ্টকর হয়, তার জন্য দুটি প্রতিদান রয়েছে। প্রথমটি তেলাওয়াতের প্রতিদান, দ্বিতীয়টি কষ্টের প্রতিদান।’ (সহিহ বুখারি)

হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে মুমিন কোরআন তেলাওয়াত করেন, তার দৃষ্টান্ত কমলালেবুর মতো, যা সুস্বাদু ও সুঘ্রাণযুক্ত। আর যে মুমিন তেলাওয়াত করেন না, তার দৃষ্টান্ত খেজুরের মতো, যার ঘ্রাণ নেই, কিন্তু মিষ্টি।’ (সহিহ মুসলিম)

বিদায় হজের ভাষণে নবী কারিম (সা.) বলেছেন, ‘আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আল্লাহর কিতাব ও তার রাসুলের সুন্নত, তোমরা যদি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না।’ (সহিহ বুখারি)

লেখক : সভাপতি, বাংলাদেশ মুসলিম কাউন্সিল

সর্বশেষ সর্বাধিক পঠিত