প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৪ উপ-প্রেস সচিব নিয়োগ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ এএম

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। এ ছাড়া সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা ও মো. জাহিদুল ইসলাম ও শাহাদাৎ হোসেন স্বাধীনকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, এসএএম মাহফুজুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগ দেওয়ার তারিখ থেকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে যোগ দেওয়ার তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

চার উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগ দেওয়ার তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগগুলোর অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত