মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় পৃথক ৩টি ইটভাটার ম্যানেজারকে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ও বালুচরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় মেসার্স খোশাল মাদবর ব্রিকসের ম্যানেজার বনি আমিন ও মেসার্স সামাদ ব্রিকসের ম্যানেজার লালনকে ২ লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়া ইকো সিরামিক্স লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ মামুনকে ৫ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি ও জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করা আইনের লঙ্ঘন। এ কারণে জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ইট প্রস্তুতে কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার