অবৈধ মাটি কাটার অভিযোগে এক্সেভেটর বিকল ও মোটরসাইকেল জব্দ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি এক্সেভেটর (ভেকু মেশিন) অকেজো করে দেওয়া হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার উলাইল ইউনিয়নের বিরাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

 

অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে অপরাধের আলামত জব্দ করা হয়। একটি মোটরসাইকেল জব্দ করে তা থানার জিম্মায় দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হওয়া থেকে বিরত রাখতে অবৈধ কাজে ব্যবহৃত এক্সেভেটরটি অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, জনস্বার্থে এবং অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত