লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানাউল (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

চোর সন্দেহে মৃত দুইজনই বেঁদে সম্প্রদায়ের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে সাতঘড়িয়া গ্রামের বিদ্যুতের তাড় চুরি করার সময় হাতেনাতে ধরে এলাকাবাসী। পরে দুইজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসার জন্য সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত চোরের উপদ্রব বেড়ে গিয়েছে। তাই গ্রামবাসী মিলে রাত জেগে গ্রাম পাহারা দেওয়া হয়। সাতঘড়িয়া খেলার মাঠ সংলগ্ন মল্লিক বাড়ি থেকে বিদ্যুতের তাড় চুরির সময় দুইজনকে আটক করা হয়।
  
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ৯৯৯ থেকে আমাদের তথ্য জানানো হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

প্রাথমিকভাবে জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদের ছেলে সাগর ও শহিদুলের ছেলে সানাউলকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। সে সঙ্গে ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত