ঢাকা থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথে বেড়ে চলা নিরাপত্তা ঝুঁকির কারণে গত পাঁচ দিন ধরে আন্তর্জাতিক রুটের একের পর এক ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা। আজও (৪ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে বিভিন্ন উড়োজাহাজ সংস্থার মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো- কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার (৩ মার্চ) নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৫ মার্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, যে ছয়টি গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো হলো-সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে ব্যাপক বিপর্যয় দেখা দেয়।

বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বুধবার (৪ মার্চ)  বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৫ টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৮টি  ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে গত পাঁচ দিনে মোট ১৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত