কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজ থেকে বিপুল অঙ্কের অর্থ আয় করছেন। শুধু তাই নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে এই আয়ের একটি হিসাবও জনসমক্ষে উপস্থাপন করেছেন তিনি।
তার ভেরিফায়েড ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি। নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত তুলে ধরার মাধ্যমে তিনি এই আয় নিশ্চিত করেন।
হাসনাত আবদুল্লাহ জানান, তার একটি ভিডিও ১৭ মিলিয়ন (১ কোটি ৭০ লাখ) বার দেখা হয়েছে, যার জন্য তিনি ৪০ ডলার পেয়েছেন। সর্বশেষ দুইদিনে আয় হয়েছে আরও ১২০ ডলার। এর আগের মাসে তিনি পেয়েছেন ৩ হাজার ৩৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকার সমতুল্য।
পেজের আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে তার মাসিক গড় আয় ৪ লাখ টাকার ওপরে থাকে। সে হিসাবে তার বাৎসরিক আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। এনসিপির এই নেতার ব্যক্তিগত আয়ের এমন উৎস প্রকাশ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তার সমর্থকরা। তারা মনে করছেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠকের জন্য এ ধরনের স্বচ্ছতার প্রকাশ নজির স্থাপন করবে।
