চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির স্থগিত হয়ে যাওয়া নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন পর্যালোচনা বোর্ড। পূর্ব তফশিল অনুযায়ী, আগামী ৪ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (৪ মার্চ) একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আইনগত মতামতের ভিত্তিতে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারি ও এসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৪ এপ্রিল ২০২৬ ইং তারিখে নিরবিচ্ছিন্নভাবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। চেম্বারের সংঘবিধি অনুযায়ী অর্ডিনারি গ্রুপ, এসোসিয়েট গ্রুপ, ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশন এ চারটি ক্যাটাগরি থেকে ২৪ জন পরিচালক নিয়ে চেম্বার পরিচালনা পর্ষদ গঠন হবার কথা থাকলেও টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপ- এর সদস্যদের ভোটাধিকার নিয়ে আপত্তি তুলে একটি মহল এবং শেষ পর্যন্ত তা দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়।