নাক ডাকা কমবে    

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২:৫৩ এএম

সাধারণত নারীদের তুলনায় পুরুষদের শ্বাসনালি সরু। এ জন্যই পুরুষের নাক ডাকার সমস্যা বেশি। এই সমস্যা দীর্ঘ মেয়াদে ঘুমের মান, রক্তে অক্সিজেনের মাত্রা এবং সামগ্রিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। চিকিৎসকদের মতে নাক ডাকা সাধারণ সমস্যা হলেও, কিছু ক্ষেত্রে এটি বড় রোগের লক্ষণ হতে পারে। তবে হালকা থেকে মাঝারি নাক ডাকার ক্ষেত্রে কয়েকটি সহজ উপায় মেনে চললে উপকার পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন, নাক ডাকার মূল কারণ হলো ঘুমের সময় গলার পেশি বেশি শিথিল হওয়া। তখন শ্বাসনালি আংশিক বন্ধ হয়ে বাতাস চলাচলে বাধা তৈরি করে এবং সেই কম্পন থেকে শব্দ হয়। চিকিৎসকদের পরামর্শ, প্রতিদিন কিছু সহজ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে, গলার পেশিশক্ত হয় এবং শ্বাসনালি খোলা রাখতে সাহায্য করে। গভীর শ্বাস নেওয়া ও ধীরে ছাড়ার অনুশীলন উপকারী। ঘুমের ভঙ্গি গুরুত্বপূর্ণ। চিৎ হয়ে ঘুমালে জিভ পেছনের দিকে সরে গিয়ে, শ্বাসনালি আংশিক আটকে দিতে পারে। তাই পাশ ফিরে ঘুমানোর অভ্যাস করলে নাক ডাকা কমে। ওজন বেশি থাকলে তা কমানো জরুরি। নিয়মিত হাঁটা, ব্যায়াম এবং সুষম খাবার খাওয়া নাক ডাকা কমাতে সাহায্য করতে পারে। ধূমপান ও মদ্যপান কমানো প্রয়োজন। যদি নাক ডাকার সঙ্গে ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যাওয়া, দিনে অতিরিক্ত ক্লান্তি, মাথাব্যথা বা মনোযোগের অভাব দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সর্বশেষ সর্বাধিক পঠিত