ব্রাহ্মণবাড়িয়া সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ৩৫

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২:২০ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি ক্ষুদিরাম স্মৃতিসংঘে গত মঙ্গলবার রাতে কীর্তন গান আয়োজনকে কেন্দ্র করে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছে, বাদলবাড়ি গ্রামের সঞ্জয় সূত্রধর, শুশংক সূত্রধর, নমিতা রাণী সূত্রধর, সুমন সূত্রধর, নিরঞ্জন সূত্রধর, সাধন সূত্রধর, ভজন সূত্রধর প্রমুখ। এ ঘটনায় পুলিশ সুমন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উভয়পক্ষই লিখিত অভিযোগ দাখিল করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঘণ্টাব্যাপী হওয়া সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শ্রীঘর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে শ্রীঘর গ্রামের আরুশ মিয়ার কাছ থেকে নুরধন মিয়ার ছেলে শাহজাহান মিয়া ১ লাখ টাকা ধার নেয়। সেই টাকা যথাসময়ে পরিশোধ না করা নিয়ে গত মঙ্গলবার আরুশ মিয়া ও নুরধন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে গতকাল বুধবার সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত