বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের শিল্প, কৃষি ও অবকাঠামো খাত এগিয়ে যাচ্ছে। তাই শ্রমজীবী মানুষদের উন্নয়নের মূলধারার বাইরে রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়।
তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাতকানিয়া শাখার সভাপতি মোহাম্মদ ইউনূস। সেক্রেটারি জসীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুর হোসেন, সাতকানিয়া জামায়াতের সাবেক আমীর ডা. নুরুল হক, বর্তমান আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি তারেক হোছাইন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাকানিয়া জামায়াতের আমীর শাহাদাত হোসেন চৌধুরী, মাস্টার এনামুল হক, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক ফরিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম এবং শ্রমিক নেতা মোহাম্ম্মদ ওসমান গনি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থাকে গতিশীল রাখতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাই শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং তাদের সামাজিক নিরাপত্তা জোরদার করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকল মহলকে একযোগে কাজ করতে হবে। একইসঙ্গে শ্রমিকদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রেখে দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান বক্তারা।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
