ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই দলে দেড় বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড থেকে ছয়জন বাদ পড়েছেন এবারের সিরিজে।
সবশেষ গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন তিন ব্যাটার নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং শামীম হোসেন। ইনজুরির কারণে এই সিরিজে নেই দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। হাসান টেনিস এলবো এবং সাকিব পিঠের ব্যথায় ভুগছেন।
অভিজ্ঞ আফিফ হোসেনকে দলে ফেরানো নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আফিফ সবসময়ই আমাদের পরিকল্পনায় ছিল। তার অভিজ্ঞতা এবং বর্তমান ফর্ম দলের জন্য গুরুত্বপূর্ণ।’ লিটন দাসের সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা সংশয় থাকলেও তার ১০০ ম্যাচের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে বোর্ড।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
