নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

নেপালের পাহাড়ি ঢল ও বন্যায় মৃতের সংখ্যা ১৬২ জনে পৌঁছেছে; একের পর এক নিথর দেহ উদ্ধারের পাশাপাশি নিখোঁজের তালিকায় রয়েছে পুলিশের ২৮ কর্মকর্তা ও ৫৪ জন মার্কিন পর্যটকসহ শতাধিক মানুষ- সংকট মুহূর্তে জরুরি ত্রাণ ও সহায়তা নিয়ে এগিয়ে এসেছে আমেরিকা, ভারত, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন।

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, নদীর নিম্নপ্রবাহ এলাকার চিতওয়ান জেলা থেকে ৬৪ জনের এবং পূর্ব নবলপরাসী জেলা থেকে আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে অন্তত ২৮ জন পুলিশ কর্মকর্তা আছেন বলে জানা গেছে। চিতওয়ান এলাকাটি মূলত জঙ্গল সাফারি ও পর্যটনের জন্য বেশ জনপ্রিয়। তবে সেখানে দ্রুত পানি বাড়তে থাকায় ওই এলাকার বেশ কয়েকটি পৌরসভাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এদিকে, বিপর্যয়ের মুখে পড়া নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ব সম্প্রদায়। আমেরিকা, চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতিমধ্যেই সহায়তা প্রদান বা ত্রাণসামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র দুর্গত অঞ্চলের মানুষের জরুরি আশ্রয়, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দিতে ৫ লাখ  মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ‘নেপালের রসুয়া জেলায় ভয়াবহ এই আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। বিপদের এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার পাশে রয়েছে আমাদের অনুভূতি।’

উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, এই ভয়াবহ বন্যা ও কাদাস্রোতে শতাধিক মানুষ ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের তালিকায় প্রধানত পর্যটকরাই রয়েছেন, যার মধ্যে অন্তত ৫৪ জন মার্কিন নাগরিকও আছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত