ভোজ্য তেল ও কস্টিক সোডায় তৈরি হচ্ছিল ‘খাঁটি’ দুধ!

ভোজ্য তেল, কস্টিক সোডা, জেলি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম

পাবনার চাটমোহরে ভোজ্য তেল, কস্টিক সোডা, চিনি, জেলি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছিল সাদা তরল দুধ। দীর্ঘদিন ধরে এভাবে ভেজাল দুধ তৈরি ও বাজারজাতের অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৩০০ লিটার নকল দুধ এবং দুধ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে সুমন ঘোষ (৪১) নামে এক ব্যক্তিকে ভেজাল দুধ তৈরির অভিযোগে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুমন একই গ্রামের অমল চন্দ্র ঘোষের ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যশালিখা গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ কৃত্রিমভাবে তৈরি দুধ এবং তা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। উদ্ধার হওয়া উপাদানের মধ্যে ছিল ক্ষতিকর কস্টিক সোডা, ভোজ্য তেল, বিভিন্ন কেমিক্যাল ও জেলি। এসব উপাদান মিশিয়ে তৈরি দুধ বাজারে খাঁটি দুধ হিসেবে সরবরাহ করা হচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। তিনি ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমনকে ওই দণ্ড দেন। অভিযানে চাটমোহর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও স্থানীয় থানা পুলিশ সহযোগিতা করে।

ইউএনও মুসা নাসের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে চাটমোহর উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। ভেজাল খাদ্য প্রস্তুত ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, অসাধু চক্রটি দীর্ঘদিন ধরে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে এ ব্যবসা চালিয়ে আসছিল। এ ধরনের তদারকি নিয়মিত করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত