ইরানে হামলার বাজি ধরে মোটা অঙ্ক জিতল জুয়াড়িরা!

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষণ চললেও, ওয়াশিংটনে দেখা গেছে ভিন্ন চিত্র। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওয়াশিংটনের কিছু ব্যক্তি এই যুদ্ধকে কেন্দ্র করে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে বড় অঙ্কের মুনাফা কামিয়েছে।

জানা গেছে, ‘কালশি’ ও ‘পলিমার্কেট’ নামের বিশেষায়িত অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীরা যুদ্ধ ও গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনার সম্ভাব্য ফলাফলের ওপর বাজি ধরছেন। সম্প্রতি পলিমার্কেটে মাগামাইম্যান নামের এক ব্যবহারকারী মাত্র এক দিনেই পাঁচ লাখ ডলারের বেশি আয় করেছে। তার বাজির বিষয়বস্তু ছিল-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর ক্ষমতায় থাকবেন না।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি নির্দিষ্ট বাজির সময়কাল। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রতিনিধি মাইক লিভিন সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে দাবি করেছেন, ইরানে হামলার খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার প্রায় ৭১ মিনিট আগেই পলিমার্কেটে এ বিষয়ে ব্যাপক বাজি ধরা হয়।

লিভিনের পোস্ট অনুযায়ী, বাজিকর মাগামাইম্যান ওই দিন লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই তার বাজির কথা জানান, অথচ তখনও হামলা হবে কি না, তার সম্ভাবনা ছিল মাত্র ১৭ শতাংশ। এই সময়ের ব্যবধান এবং বাজির পরিমাণ অনেকের কাছেই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা ঘিরে ইতোমধ্যেই নানা মহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং অনলাইন জুয়ার এই প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত