যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের পক্ষ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ না আসলে কোনো ধরনের আলোচনা বা চুক্তি সম্ভব নয়। শুক্রবার (০৬ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া অবস্থানের কথা জানান।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতা হবে না যদি না তারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ট্রাম্পের এই অনমনীয় মনোভাবের কথা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বার্তা তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলেরই অংশ।
চলমান সংঘাতের সম্ভাব্য সমাপ্তি বা ইরানে চালানো অভিযানের সময়সীমা নিয়ে ট্রাম্প এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তবে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, তার প্রশাসনের লক্ষ্য আগামী চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই মূল লক্ষ্যগুলো অর্জন করা। তবে একই সঙ্গে তিনি কিছুটা নমনীয়তা দেখিয়ে বলেন, ‘এ বিষয়ে আমার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা শুধু কাজটি সফলভাবে শেষ করতে চাই।’
কড়া হুঁশিয়ারির পাশাপাশি ট্রাম্প ইরানের ভবিষ্যতের জন্য একটি আশার বাণীও শুনিয়েছেন। তিনি দাবি করেন, ভবিষ্যতে ইরানে যদি একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হয়, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটিকে অর্থনৈতিকভাবে পুনর্গঠনে পূর্ণ সহায়তা করবে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা এবং আমাদের সাহসী মিত্ররা একযোগে কাজ করে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনব এবং দেশটিকে আগের চেয়েও বড় ও শক্তিশালী অর্থনীতিতে পরিণত করব।’
নিজের জনপ্রিয় রাজনৈতিক স্লোগানের আদলে ট্রাম্প তার পোস্টের শেষে একটি নতুন স্লোগান ব্যবহার করেন। তিনি লেখেন, ‘ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মেক ইরান গ্রেট এগেইন (MIGA)।’ এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, বর্তমান নেতৃত্বের পরিবর্তন হলে ইরানকে বিশ্ব অর্থনীতিতে পুনরায় শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
সৌদি আরবকে ধন্যবাদ দিলো ইরান