গুম-নির্যাতন মামলা

৮ বছরের গুমজীবনের বর্ণনা দেওয়া ব্যারিস্টার আরমানের জেরা আজ

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ এএম

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও ভয়াবহ নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জেরার মুখোমুখি হচ্ছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হবে। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে, গত ২১ জানুয়ারি এই মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছিলেন ব্যারিস্টার আরমান। জবানবন্দিতে তিনি ২০১৬ সালে গুম হওয়ার পর দীর্ঘ ৮ বছরের বিভীষিকাময় জীবনের বর্ণনা দেন। তবে সে সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ব্যস্ততার কারণে তার জেরা সম্পন্ন হয়নি। সেই স্থগিত হওয়া জেরা প্রক্রিয়াই আজ সম্পন্ন হতে যাচ্ছে।

আলোচিত এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার ১৭ আসামির মধ্যে বর্তমানে ১০ জন উচ্চপদস্থ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলমসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

মামলায় অভিযুক্ত অন্য ৭ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক ডিআইজি এম খুরশিদ হোসেন এবং শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। পলাতক আসামিদের অনুপস্থিতিতেই মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত