কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই দিনে ২ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে মো. আবুল খায়ের (৩৫) এবং বিষ পান করে রৌশন আলী (৪৮) আত্মহত্যা করেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত ছবির মিয়ার ছেলে মো. আবুল খায়ের নিজের বসতঘরে তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবার জানায়, মো. আবুল খায়ের গত ৩/৪ মাস যাবত মানসিকভাবে অসুস্থ ছিলো। তিনি প্রায় সময় চিৎকার চেঁচামেচি করতো ও ঘরবাড়ি ভাংচুরসহ অস্বাভাবিক আচরণ করতো।
অন্যদিকে, একই উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে রৌশন আলী শনিবার বিকেলে কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মৃত্যুবরণ করেন।
মুরাদনগর থানার পুলিশ খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে যায়। পৃথক দুই ঘটনায় মুরাদনগর থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মুরাদনগর থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রবিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের