ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ ভাঙনে বেশ কয়েকটি বসতবাড়ি ও অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে কয়েকটি পরিবার গৃহহারা হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ভাঙনের আতঙ্কে নদীতীরবর্তী অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একশ মিটার এলাকাজুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা শেষ সম্বল বাঁচাতে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নিচ্ছেন।
জানা গেছে, প্রায় তিন দশক আগে কৃষ্ণপুর এলাকায় মধুমতী নদীর ভাঙন থেকে রেহাই পেতে একটি বাঁধ নির্মাণ করা হয়। গত বছর বাঁধটিতে ধস দেখা দিলে চলতি মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের সংস্কার কাজ শুরু করে। তবে শুক্রবার সন্ধ্যায় সংস্কারাধীন বাঁধের ডাম্পিং করা স্থানেই পুনরায় ধস শুরু হলে ভাঙন তীব্র আকার ধারণ করে।
নদীভাঙনে গৃহহারা দিনমজুর সোহাগ শেখ বলেন, 'ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাই। নিজের বলতে আর কোনো জমিজমা নেই। মাথাগোঁজার শেষ আশ্রয়টুকুও নদীতে চলে গেল।'
শনিবার (৭ মার্চ) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি এবং ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, প্রায় ১০০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও রিফাত নূর মৌসুমি বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা ও ঢেউটিন দেওয়া হবে এবং পুনর্বাসনের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।'
গম্ভীরের সাহসী সিদ্ধান্তের প্রশংসায় শোয়েব আখতার
ফটিকছড়িতে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি–ছাত্রদল সংঘর্ষ