ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আফসার নামে ইউনিয়ন যুবদলের এক নেতা আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আইচা বাজারের চৌধুরী মার্কেট ভবনের নিচতলায় অবস্থিত থানা যুবদল কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত আফসার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি এবং তিনি পেশায় একজন তরমুজ চাষি বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, একই ওয়ার্ডের তোফাজ্জল মাতব্বরের ছেলে মো. নূর নবী (৪৫), ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহাজল সিকদারের ছেলে আ. শহিদ ভুট্ট (৫০) এবং সাইদের ছেলে মো. রবিউল (৩৫)সহ আরও ২০-৩০ জন এ হামলায় জড়িত ছিলেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, আফসারসহ কয়েকজন চাষি চর আইচা মৌজার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় তরমুজ চাষ করে আসছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার রাতে অভিযুক্তরা যুবদল কার্যালয়ে এসে আবারও চাঁদা দাবি করলে চাষিরা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা আফসারসহ উপস্থিত চাষিদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এক পর্যায়ে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদারের একটি স্মার্টফোনও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে আহত আফসারকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার বলেন, যুবলীগের সদস্য নূর নবী মাতব্বরের নেতৃত্বে ২০-৩০ জন লোক হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে আফসারের ওপর হামলা চালায় এবং অফিসের বিভিন্ন মালামাল ভাঙচুর করে।
অভিযুক্ত নূর নবী মাতব্বর বলেন, আফসার তাদের গালিগালাজ করায় উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটেছে। এরপর তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লায় মন্দিরে ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪
যুদ্ধের চাপে ইরানের নেতৃত্বে ফাটল