‘অধিকার, ন্যায্যতা ও পদক্ষেপ : সব নারী ও কন্যার জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি।
রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নারীরা আমাদের সমাজ উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। হিমালয় জয়ের মতো সাহসী অর্জন থেকে শুরু করে খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, গবেষণাসহ অন্যান্য চ্যালেঞ্জিং কাজেও আমাদের দেশের নারীরা সমানভাবে এগিয়ে যাচ্ছেন।
বর্তমান সময়েও নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের ঘটনা উদ্বেগজনক বলে উল্লেখ করে উপাচার্য বলেন, সাইবার বুলিং থেকে শুরু করে পারিবারিক সহিংসতার মতো নানা সমস্যায় দেশের বিভিন্ন প্রান্তে নারীরা এখনও নির্যাতনের শিকার হচ্ছেন। কেবল আইন করলেই এসব সমস্যার সমাধান সম্ভব নয়। আইনের যথাযথ প্রয়োগ এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হানের সঞ্চালনায় এবং নাজমা আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান এবং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও শারমিন ইসলাম নিপা।
বক্তারা বলেন, নারীর অবদান ছাড়া সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কখনোই সম্ভব নয়। এ সময় তারা নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, তাদের অবদানের স্বীকৃতি এবং তাদের ন্যায্যতা, সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে উপাচার্য ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
