গজারিয়ায় ফিলিং স্টেশন পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকার নির্ধারিত নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান রতন।

​রবিবার (৮ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেএমআই ফিলিং স্টেশন, শিকদার ফিলিং স্টেশন ও মুন সিএনজি পাম্প পরিদর্শন করেন।​পরিদর্শনকালে সংসদ সদস্য পাম্প মালিক ও যানবাহন চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় পাম্প মালিকরা কোনো ধরনের অসাধু প্রক্রিয়ায় জ্বালানি তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, বিশ্ববাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য আমাদের এই তদারকি কার্যক্রম। জনস্বার্থে এ ধরনের অভিযান ও পরিদর্শন অব্যাহত থাকবে।

এ বিষয়ে কামরুজ্জামান রতন বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশই জ্বালানি সংকটে ভুগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কিছু নির্দেশনা জারি করেছে। আমাদের সবার উচিত সেই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলা। সবাই সচেতন থাকলে এই সংকট মোকাবিলা সহজ হবে। মূলত পাম্পগুলো সরকারি নিয়ম মানছে কিনা তা যাচাই করতেই আজকের এই পরিদর্শন। এখন পর্যন্ত গজারিয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জালাল ইমু রিমু এবং মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত