বিমান ও পর্যটন মন্ত্রী

দলের সুনাম নষ্ট করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

যুবদল ও ছাত্র, মূলদলসহ কোনও সংগঠনের নেতা বিচার শালিস করতে পারবেন না। এ ধরনের সামাজিক বিষয়গুলো এলাকার প্রবীণ ও মুরুব্বিরাই সমাধান করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ রবিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মীরা অযথা থানায় গিয়ে সময় নষ্ট করা বন্ধ করুন। আপনারা থানায় কাজ বাদ দিয়ে নিজ নিজ এলাকায় মানুষের পাশে থেকে কাজ করতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে। সারা জীবন ছাত্রদল নিয়ে বসে থাকা যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের গুণাবলী ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে।

এ সভায় তিনি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থেকে নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের মনে রাখতে হবে তারা জনগণের কর্মচারী। জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সকালে অফিস শুরু করেছেন। শনিবার আমরাও অফিস করি। আপনারা যারা দপ্তর প্রধান আছেন, তারাও সকালে অফিসে আসবেন। চেয়ারম্যানদেরও জনগণের জন্য কাজ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। দীর্ঘ সময় সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বর্তমান অবস্থানে আসা সম্ভব হয়েছে। তাই কোনোভাবেই সেই সুনাম নষ্ট করা যাবে না। যারা দলের সুনাম নষ্ট করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে নিজেদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে মূল দলে শক্ত অবস্থান তৈরি করার আহ্বান জানান।

মতবিনিময়সভায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত