মাদারীপুরে গৃহবধূ মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১১:১৫ এএম

‎মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। রবিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে সাত মাস আগে একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় জীবিকার তাগিদে কাইয়ুম প্রবাসে চলে যান। এরপর থেকে গৃহবধূ সাথীর ওপর তার শ্বশুরের কুপ্রস্তাব ও মানসিক নির্যাতন চলছিল বলে অভিযোগ করেছেন স্বজনরা। তাদের দাবি, ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার সকালে সাথীকে শ্বাসরোধে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

‎খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। 

‎এ ঘটনার জেরে রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী সাথীর শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। একপর্যায়ে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎নৌপথ থাকার কারণে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে সময় বেশি লাগে এবং আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোতলা ভবনসহ বসতবাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।

‎মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে। 

‎মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে বিক্ষুব্ধরা আগুন দেয়। খবর পেয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত