ডিজিটাল যুগে পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি এখন শুধু বড় বড় প্রতিষ্ঠানের বিষয় নয়; বরং ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার শক্তিশালী এক মাধ্যম। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে কোডিং যা কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার ভাষা। অনেকের ধারণা কোডিং শুধু প্রোগ্রামারদের জন্য, কিন্তু বাস্তবে এটি এখন বিভিন্ন পেশার সঙ্গে জড়িয়ে গেছে। ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে মোবাইল অ্যাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ডেটা বিশ্লেষণ সবখানেই কোডিং দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে ক্যারিয়ার গড়ার নতুন সম্ভাবনা তৈরি করছে এই দক্ষতা।
কোডিং শিখে কী করবেন
কোডিং শেখার পর কাজের ক্ষেত্র বেশ বিস্তৃত। কেউ চাইলে ওয়েব ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারেন। অনেক প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনার জন্য সফটওয়্যার ও ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। দক্ষকোডারের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। শুধু চাকরি নয়, নিজের স্টার্টআপ বা প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগ শুরু করার সুযোগও রয়েছে। অনেকেই অ্যাপ বা ডিজিটাল সেবা তৈরি করে সফল উদ্যোক্তাও হচ্ছেন।
ভবিষ্যৎ সম্ভাবনা
বিশ্ব জুড়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতি দ্রুত বিস্তার লাভ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা কিংবা ক্লাউড কম্পিউটিং এসব খাতের সঙ্গে কোডিং সরাসরি যুক্ত। তাই প্রযুক্তি যত এগোবে, কোডিং জানা মানুষের চাহিদাও তত বাড়বে। ভবিষ্যতের অনেক পেশাই হবে প্রযুক্তি নির্ভর, যেখানে কোডিং দক্ষতা বড় ধরনের সুবিধা এনে দিতে পারে।
কীভাবে উপার্জন করবেন
কোডিং শিখে আয়ের পথও নানা ধরনের। কেউ আইটি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন, আবার অনেকেই ফ্রিল্যান্সিং করে আন্তর্জাতিক বাজারে কাজ করছেন। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ওয়েবসাইট তৈরি, অ্যাপ ডেভেলপমেন্ট বা সফটওয়্যার উন্নয়নের কাজ পাওয়া যায়। এছাড়া নিজের তৈরি সফটওয়্যার বা অ্যাপ বিক্রি করেও আয় করা সম্ভব। ইউটিউব, অনলাইন কোর্স বা প্রযুক্তি ব্লগের মাধ্যমে কোডিং শেখানোর মাধ্যমেও অনেকেই ভালো আয় করছেন।
একজন দক্ষ কোডার বা সফটওয়্যার ডেভেলপার কত টাকা আয় করতে পারেন, তা মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের ধরন। চাকরির ক্ষেত্রে বাংলাদেশের আইটি কোম্পানিগুলোতে কোডারদের মাসিক বেতন চাকরি করলে : জুনিয়র ডেভেলপার যারা তারা ২৫ থেকে ৪৫ হাজার টাকা পান। মিড-লেভেল ডেভেলপার ৪৫ থেকে ৮০ হাজার টাকা পান। সিনিয়র ডেভেলপার যাদের চাকরি অভিজ্ঞতা ৫ বছরেরও বেশি তারা ৮০ থেকে দেড় লাখ টাকা বা তার বেশি বেতন পান। কিছু আন্তর্জাতিক বা বড় আইটি কোম্পানিতে এই বেতন আরও বেশি হতে পারে।
ফ্রিল্যান্সিং করলে : নতুন ফ্রিল্যান্সার যারা সদ্য শুরু করবেন তারা ২০ থেকে ৬০ হাজার টাকা মাসে আয় করতে পারবেন। দক্ষ ফ্রিল্যান্সার ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। খুব দক্ষ ও আন্তর্জাতিক ক্লায়েন্ট থাকলে ৩ থেকে ৫ লাখ টাকা বা তারও বেশি আয় করা সম্ভব কারণ বিদেশি ক্লায়েন্টদের জন্য কাজ করলে ঘণ্টাপ্রতি ১০ থেকে ৫০ ডলার বা তারও বেশি পারিশ্রমিক পাওয়া যায়।
রিমোট ডেভেলপার হিসেবে কাজ করা যায়, তাহলে আরও বেশি উপার্জন করা সম্ভব। ৩ থেকে ৮ হাজার ডলার মাসে আয় করা সম্ভব। বিশেষ করে দক্ষ কোডার হলে।
কোডিং শিখে ক্যারিয়ার গড়তে
কোডিং শেখার শুরুতে প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা পরিষ্কার করা জরুরি। যেমন লজিক, অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার ইত্যাদি। প্রথমে সহজ ভাষা যেমন Python বা JavaScript দিয়ে শুরু করলে শেখা সহজ হয়।
কোডিং এমন একটি দক্ষতা, যা শুধু পড়লে নয়, নিয়মিত চর্চা করলে ভালোভাবে আয়ত্ত করা যায়। প্রতিদিন কিছু সময় কোড লেখা, ছোট ছোট সমস্যা সমাধান করা কিংবা অনলাইন প্র্যাকটিস প্ল্যাটফর্ম ব্যবহার করা খুবই কার্যকর।
শুধু তত্ত্ব জানলেই হবে না, বাস্তব কাজের অভিজ্ঞতাও দরকার। তাই ছোট ছোট প্রজেক্ট তৈরি করা গুরুত্বপূর্ণ। যেমন একটি সাধারণ ওয়েবসাইট, ক্যালকুলেটর অ্যাপ বা ব্লগ প্ল্যাটফর্ম বানানো। এগুলো ভবিষ্যতে পোর্টফোলিও হিসেবেও কাজে লাগবে।
বর্তমানে অনলাইনে কোডিং শেখার অনেক প্ল্যাটফর্ম রয়েছে। এসব কোর্সের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি কমিউনিটিতে যুক্ত থাকলে নতুন ধারণা পাওয়া যায় এবং সমস্যার সমাধান সহজ হয়।
একজন কোডারের জন্য নিজের কাজ দেখানোর জায়গা থাকা জরুরি। GitHub বা ব্যক্তিগত ওয়েবসাইটে নিজের প্রজেক্টগুলো সংরক্ষণ করলে নিয়োগদাতারা দক্ষতা সহজেই বুঝতে পারবেন।
কোডিং শেখার পর ছোট ছোট ফ্রিল্যান্স কাজ দিয়ে অভিজ্ঞতা অর্জন করা যায়। এতে বাস্তব কাজের অভিজ্ঞতা যেমন বাড়ে, তেমনি আয়ের পথও তৈরি হয়।
প্রযুক্তির জগৎ দ্রুত বদলে যায়। তাই একজন কোডারের জন্য নতুন ভাষা, ফ্রেমওয়ার্ক বা প্রযুক্তি সম্পর্কে নিয়মিত শেখার মানসিকতা থাকা গুরুত্বপূর্ণ।
দেশে এই পেশার ভবিষ্যৎ
বাংলাদেশেও তথ্যপ্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগ, স্টার্টআপ সংস্কৃতি এবং আইটি পার্ক স্থাপনের ফলে দেশে প্রযুক্তি পেশাজীবীদের চাহিদা বাড়ছে। অনেক তরুণ আইটি খাতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। আগামী বছরগুলোতে দেশে সফটওয়্যার ও আইটি সেবার বাজার আরও বিস্তৃত হবে। ফলে দক্ষ কোডারের জন্য কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
লেখক : ফিচার রাইটার